অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৫:২১ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোর্শেদ মাঝি নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাজনপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাজনপুর বাজারে অবস্থিত মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল-অকটেন ও ডিজেল মজুত করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বেশি দামে তেল বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মোর্শেদ মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে দোকানটি সিলগালা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও) হাফিজুল হক বলেন, “অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। তিনি কালোবাজারি মাধ্যমে তেল সংগ্রহ করতেন এবং তেল ক্রয়-বিক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আরআই/টিকে