মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত
০৫:২৩ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুর রহিমান আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং তারকা লিওনেল মেসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দাবি করেছেন যে, অর্থ গ্রহণ করেও প্রতিশ্রুত ম্যাচ খেলতে না এসে তারা রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে।
স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, কেরালায় আর্জেন্টিনা দলকে এনে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের জন্য দীর্ঘ সময় ধরে আলোচনা ও প্রস্তুতি চলছিল এবং এতে প্রায় ২৫০ কোটি রুপি অর্থ সংগ্রহ করতে হয়েছিল স্পনসরদের কাছ থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৯ কোটি টাকার সমান। তবে অর্থ নেয়ার পরও নির্ধারিত সময় অনুযায়ী তারা কেরালায় ম্যাচ খেলতে আসেনি বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী আবদুর রহিমান বলেন, আর্জেন্টিনা দলকে কেরালায় আনার বিষয়ে তিনি একাধিক দফা আলোচনা করেছিলেন এবং চুক্তির ভিত্তিতে সব আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী তারা না আসায় রাজ্যের ফুটবলপ্রেমীরা গভীরভাবে হতাশ হয়েছে।

তার ভাষায়, এ জন্য আমি বহু আলোচনা করেছি। আন্তর্জাতিক পর্যায়ের একটি দলকে খেলাতে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করাও সহজ ছিল না। কিন্তু টাকা নেয়ার পরও তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি।
তিনি আরও দাবি করেন, শুধু কেরালা নয়, আর্জেন্টিনা জাতীয় দলের বিরুদ্ধে আরও কয়েকটি দেশের সঙ্গেও একই ধরনের অভিযোগ রয়েছে, যেখানে অর্থ নেয়ার পরও ম্যাচ আয়োজন করা হয়নি বলে তিনি তথ্য পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি বলেন, প্রয়োজন হলে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে এবং ক্ষতিপূরণ দাবি করা হবে। তার মতে, এটা এমন পরিস্থিতি যেখানে মামলা করা ছাড়া উপায় নেই। আমাদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে।
কেরালার ক্রীড়া মন্ত্রী আরও জানান, দলের আগমনের জন্য তিনি ব্যক্তিগতভাবেও অত্যন্ত আগ্রহী ছিলেন এবং এই ঘটনার ফলে তিনি নিজেও হতাশ ও মানসিকভাবে ব্যথিত হয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, কেরালার ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও মেসিকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তাদের আবেগে আঘাত লেগেছে।
অন্যদিকে, এর আগে বিভিন্ন সময়ে ভারত সফরে লিওনেল মেসি ও তার সফরসঙ্গীরা একাধিক শহরে অংশ নেন এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন বলে জানা যায়। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে তাদের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ থাকলেও কেরালায় নির্ধারিত ম্যাচ আয়োজন শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি এ নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।
ঘটনার পর রাজনৈতিক ও ক্রীড়া মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে অর্থ লেনদেন এবং চুক্তি বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কেরালার ক্রীড়া মন্ত্রী ভি. আবদুর রহিমান আরও জানান, তিনি আগামী বিধানসভা নির্বাচনে তিরুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, এটি কোনো সহজ আসন খোঁজার সিদ্ধান্ত নয়, বরং নিজের জন্মস্থান হওয়ায় এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সব মিলিয়ে আর্জেন্টিনা দলকে ঘিরে অর্থ গ্রহণ ও ম্যাচ আয়োজন না হওয়া নিয়ে কেরালায় যে বিতর্ক শুরু হয়েছে, তা এখন আইনি পদক্ষেপের সম্ভাবনা এবং রাজনৈতিক আলোচনার মধ্যেও নতুন মাত্রা যোগ করেছে।
আইকে/টিকে