© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৭ দিন পর ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু

শেয়ার করুন:
২৭ দিন পর ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা। গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা এ কারখানায় গত ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সরবরাহ ফের চালু হওয়ার পর পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটিতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে টানা ২৭ দিন উৎপাদন কার্যক্রম স্থবির ছিল। পরবর্তীতে ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ চালু হওয়ার পর পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে সাধারণত ৫ থেকে ৬ দিন সময় লাগে। সে হিসেবে আগামী ৪ বা ৫ এপ্রিলের মধ্যে কারখানাটি পূর্ণ উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল।

কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য প্রতিদিন ৭১-৭২ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন হয়। তবে ৫২-৫৩ পিএসআই গ্যাসচাপ থাকলেও সীমিত আকারে উৎপাদন চালু রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরআই/টিকে

মন্তব্য করুন