নারায়ণগঞ্জে রাজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:৪২ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে ওয়াসিম (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।
এসএস/এসএন