© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় কমেছে ৪.৮৫ শতাংশ

শেয়ার করুন:
অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় কমেছে ৪.৮৫ শতাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় এসেছে ৩ হাজার ৫৩৮ কোটি ৬৫ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে কমেছে দেশের রপ্তানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪.৮৫ শতাংশ। আর বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ ডলার।
 
 
অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৭ কোটি ৮৪ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ৩ হাজার ২৪ কোটি ৬৩ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১ হাজার ৫১১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৭ লাখ ডলার।
 
 
এছাড়া ১ হাজার ৩৪৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৪০৯ কোটি ৯৬ লাখ ডলার।
 
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। জুলাই-মার্চ মাসে রপ্তানি হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। 
 
তবে হোম টেক্সটাইলের রপ্তানি আয় শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২৬ লাখ ডলারে। আর কৃষি পণ্যের রপ্তানি আয় ৯ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি ২৭ লাখ ডলারে।
 
এদিকে সদ্যবিদায়ী মার্চ মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৪৮ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৮ দশমিক ০৭ শতাংশ।

কেএন/এসএন

মন্তব্য করুন