© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের অভিযোগ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী শুভর (২১) স্ত্রী মোছা. পিংকি (১৯) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মোবাইল ফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়।

সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে শুভকে মারধরের পর গুম করা হয়েছে। মামলায় মো. শাকিল (২৫), সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২)সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা শুভর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এসকে/এসএন

মন্তব্য করুন