দুই সন্তান অসুস্থ, দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী নোলক বাবু
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
কণ্ঠশিল্পী নোলক বাবু বর্তমানে পারিবারিক এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তার বড় ছেলের টাইফয়েড ধরা পড়েছে এবং ছোট মেয়েটি নিউমোনিয়ায় আক্রান্ত।
সন্তানদের এমন অসুস্থতায় উদ্বিগ্ন এই শিল্পী। সবার কাছে দোয়া চেয়েছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে নোলক বাবু লিখেছেন, 'আমার বড় ছেলে আদরের টাইফয়েড ধরা পড়েছে। ছোট মেয়েটার নিউমোনিয়া। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে দেন আমার বাচ্চাদেরকে।'

এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকে মন্তব্য করে তার সন্তানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শিল্পীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
প্রায় দেড় যুগের সংগীত ক্যারিয়ার নোলক বাবুর। তার যাত্রা শুরু হয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম থেকে। সেই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি এবং ধীরে ধীরে নিজের প্রতিভা দিয়ে সংগীতাঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেন। তার কণ্ঠে গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বহু আগেই।
সংগীত জীবনে সাফল্যের পাশাপাশি পারিবারিক জীবনেও তিনি একজন দায়িত্বশীল বাবা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদের প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ প্রায়ই ফুটে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে।
তবে এবার সেই পোস্টেই উঠে এসেছে এক বাবার অসহায়ত্ব ও সন্তানের জন্য দুশ্চিন্তার চিত্র।
কেএন/এসএন