কৃষকের জমি আত্মসাতের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
০২:১৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করেছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী গোল্ডী বহেল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকা দম্পতি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, পুণের মাভাল অঞ্চলের প্রায় ১.২ বিঘা জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত।
স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, ১৯৫৭ সাল থেকে জমিটি তাঁদের পরিবারের মালিকানাধীন। অথচ বেআইনিভাবে সেই জমি কিনে নিয়েছেন সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল।
অভিযোগে আরো বলা হয়েছে, ওই জমিতে জোর করে নির্মাণকাজের চেষ্টাও করা হয়েছিল এবং কৃষক পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয়।
এই অভিযোগের ভিত্তিতে সেই কৃষক ইতিমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন। মামলায় সোনালী বেন্দ্রে ও তার স্বামী-সহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে। তবে পালটা জবাব দিয়েছেন সোনালী বেন্দ্রে। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। কোনও সরকারি নথি বা ক্রয়-বিক্রয়ের দলিলে তাঁর নামও নেই বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর মতে, “শুধুমাত্র আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।” অন্যদিকে, সোনালির আইনজীবী রাজু শিন্ডে জানান, অভিযোগকারী কৃষক এর আগেও একাধিকবার তহসিলদার ও মহকুমা শাসকের কাছে আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই তা খারিজ হয়েছে। ফলে এই অভিযোগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠছে।
জানা গেছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল। এখন দেখার পালা, আইনি প্রক্রিয়ায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।
এবি/টিএ
এবি/টিএ