সংস্কৃতিচর্চা বাড়লে সামাজিক ব্যাধি কমবে: ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিশুদের ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চায় যুক্ত করতে পারলে তারা ভবিষ্যতে সামাজিক ব্যাধি, বিশেষ করে মাদক থেকে দূরে থাকবে। যে জাতি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, সেই জাতি সামগ্রিক উন্নয়নেও এগিয়ে থাকে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ হল রুমে জনতা কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, আমরা যদি আমাদের সন্তানদের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে তারা কিশোর বয়সেই সঠিক পথে চলতে শিখবে। মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ গড়ে তুলতে পারবো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড বা পতাকার জন্য নয়, বরং অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক বিকাশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন করা হয়েছিল। তবে সেই লক্ষ্য পূরণে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে।
দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নিজস্ব সংস্কৃতিকে লালন ও বিকাশ করতে হবে, যাতে আমাদের স্বকীয়তা ও আত্মপরিচয় অটুট থাকে।
কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, অবহেলিত এই উপজেলাকে একটি মডেল এলাকায় পরিণত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে দল-মত-ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ, তার মেধা ও মনন। আমি এর মূল্যায়ন করতে চাই।
এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম এবং জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমু।
কেএন/এসএন