© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারকে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আনচেলত্তি!

শেয়ার করুন:
নেইমারকে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আনচেলত্তি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
মার্চ উইন্ডোতে ব্রাজিল দলে সুযোগ হয়নি নেইমার জুনিয়রের। তাতে বিশ্বকাপ দলে বড় এ তারকার জায়গা পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তারপরও কিছুটা আশা টিকে ছিল, শেষ মুহূর্তে যদি কোনো নাটকীয়তা ঘটে।

কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই ২৬ সদস্যের সম্ভাব্য দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। যেখানে নিশ্চিতদের তালিকায় নেই ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘নাম্বার টেন’। আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড গড়ার পথে হাঁটছেন ইতালিয়ান কোচ।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ জনের স্কোয়াডে অন্তত ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি দুটি স্থানের জন্য লড়ছেন লুকাস পাকেতা, এন্দরিক ও ইগোর থিয়াগো। তবে ৩৪ বছর বয়সী নেইমার নেই সে তালিকায়।

আনচেলত্তির পরিকল্পনা স্পষ্ট। একক তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে নতুন এক ব্রাজিল গড়ে তোলা। তরুণদের ওপর আস্থা রেখে তিনি এমন একটি স্কোয়াড তৈরি করতে চান, যা প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে।



নেইমারের বাদ পড়ার সম্ভাবনার পেছনে সবচেয়ে বড় কারণ তার ফিটনেস। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি তার। ক্লাব ফুটবলেও সান্তোসে ফিরে এ বছর মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছিলেন, দলে ফিরতে হলে খেলোয়াড়কে থাকতে হবে ‘শতভাগ ফিট’। সেই মানদণ্ডেই আপাতত পিছিয়ে নেইমার।

তবে নেইমারের সম্ভাব্য অনুপস্থিতি ইতোমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। কিংবদন্তি রোনালদো নাজারিও, রোমারিও, কাফু এবং জোসে মরিনহো-সহ অনেকেই তার পক্ষে কথা বলেছেন। বর্তমান তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিউস জুনিয়রও নেইমারকে দলে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণের মুখ ছিলেন নেইমার। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও সৃজনশীলতা দীর্ঘদিন ধরে দলের মূল শক্তি। তবে আনচেলত্তি যদি শেষ পর্যন্ত তাকে দলে না রাখেন, তাহলে সেটি হতে পারে ব্রাজিল ফুটবলের এক যুগের অবসানের সূচনা।

আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। সেখানেই পরিষ্কার হবে, নেইমারের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকছে, নাকি সত্যিই শেষ হয়ে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়।

টিজে/টিকে 

মন্তব্য করুন