© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবকে খোঁচা দিয়ে মন্তব্য করে আলোচনায় সিয়াম

শেয়ার করুন:
শাকিবকে খোঁচা দিয়ে মন্তব্য করে আলোচনায় সিয়াম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শাকিব খান। এ ঈদেও তার অভিনীত 'প্রিন্স' সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটির অবস্থান বেশ নড়বড়ে। নানান অভিযোগে অভিযুক্ত 'প্রিন্স' বহু জটিলতার মুখেও পড়ে। তবুও সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমাটি। এদিকে মুক্তির দশ দিন পর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে শাকিব খান নিজেও সমালোচিত হন তার কর্মকান্ডে। এ ইস্যু নিয়ে যখন সিনেমাপাড়া তোলপাড়। ঠিক সেসময় শাকিবকে খোঁচা দিয়ে আলোচনায় আসেন সিয়াম আহমেদ। সম্প্রতি এ অভিনেতা এমন মন্তব্য করেন যা নেটিজেনদের দুই ভাগে বিভক্ত করেছে। সরাসরি নাম না নিলেও সিয়ামের মন্তব্যের তীরের নিশানা যে মেগাস্টার শাকিব খানের দিকেই, এমনটাই দাবি করছেন অধিকাংশ চলচ্চিত্রপ্রেমী।



সম্প্রতি হল মালিকদের একটি সভায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ নিজের কাজের ধরন ও পেশাদারিত্ব নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আমি ঐ শিল্পী না যে, তার প্রযোজকের ওপর সহশিল্পী চাপিয়ে দিই। আমি ঐ শিল্পীও না যে, আমি বলব অমুকের গানই আমার সিনেমায় থাকতে হবে। আমি ঐরকম শিল্পীও না যে, আমি বলব এই দিনই আমার সিনেমা রিলিজ করতে হবে।’

সিয়ামের এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করছেন শাকিব ভক্তরা। অনেকেই বলছেন, 'শাকিব খানের নাম নিতে সাহস পাচ্ছে না, তাই ইঙ্গিত করে কথা বলছে।' শুধু তাই নয়, শাকিবিয়ানদের কেউ কেউ সিয়ামকে সরাসরি কথার আঘাত করতেও দেখা গেছে। অনেকেই তাকে 'অহংকারী' আখ্যা দিয়ে বলেন, 'সিয়াম বড়দের শ্রদ্ধা করতে জানে না।' সামাজিক মাধ্যমে একজনকে লিখতে দেখা গেছে ‘শাকিব খানের ধারে কাছেও নেই, অথচ তাকে নিয়ে কথা বলে!’ এছাড়াও অনেকেই বিদ্রূপাত্মক মন্তব্যও করেন।

বলা যায়, সিয়ামের এমন মন্তব্যে বেশ ক্ষুব্দ হয়েছেন শাকিব ভক্তরা। অন্যদিকে, সিয়ামের এই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে শুরু হয়েছে ভক্তদের বাগযুদ্ধ। বিশেষ করে শাকিব ভক্তরা (শাকিবিয়ান) সিয়ামের ওপর ক্ষোভ ঝাড়ছেন। অন্যদিকে সিয়াম ভক্তরাও বসে নেই। তাদের মধ্যে অনেককেই দুএকটি মন্ত্যব্যের জবাব দিতেও দেখা গেছে। বিষয়টি আর শুধুই কথার কথাতে সীমাবদ্ধ নেই, এটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

নেটিজেনদের মতে, সিনেমার কাস্টিং, গান নির্বাচন এবং মুক্তির তারিখ নির্ধারণে শাকিব খানের যে প্রভাব থাকে, সিয়াম পরোক্ষভাবে সেদিকেই ইঙ্গিত করেছেন।

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ঢাকাই সিনেমার অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে সিয়ামের এই বক্তব্যে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রথা এবং বড় তারকাদের প্রভাবের বিরুদ্ধে কি তবে নতুন প্রজন্মের কোনো নীরব বিদ্রোহ শুরু হলো?

যদিও এই বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিয়ামও যে শাকিবকেই খোঁচা দিয়েছেন এমনটাও স্পষ্ট নয়। এ অভিনেতাও পরবর্তীতে আর এ বিষয়ে কিছু বলেননি।

পিআর/টিকে




মন্তব্য করুন