শাস্তি পেলেন অভিষেক শর্মা
ছবি: সংগৃহীত
০৯:১৩ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার (২ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে একটি ঘটনার জন্য আইপিএল কর্তৃপক্ষ তাকে এই শাস্তি দিয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার ২.৩ ধারার অন্তর্ভুক্ত লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। ফলে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ভবিষ্যতে এ ধরনের ঘটনা তাকে আরও কঠোর শাস্তির মুখোমুখি করবে। আর ৩৬ মাসের মধ্যে যদি ৪টি ডিমেরিট পয়েন্ট পান, তবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
কোন ঘটনায় তিনি শাস্তি পেয়েছেন, নির্দিষ্ট করে সেটি উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ৪৮ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বরুণ চক্রবর্তীকে ক্যাচ দেওয়ার পর প্যাভিলিয়নে হেঁটে যেতে যেতে বলা কথাই তার জন্য কাল হয়েছে। এ সময় তার চোখেমুখে হতাশা ফুটে ওঠে।

বিবৃতিতে বলা হয়, ‘কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিষেক শর্মাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।’
২.৩ ধারাটি এমন ভাষার ব্যবহারকে অন্তর্ভুক্ত করে যা ‘ব্যাপকভাবে আপত্তিকর, অশ্লীল বা অশালীন (যে কোনো ভাষায়)’ হিসেবে স্বীকৃত এবং যা দর্শক বা টিভি দর্শকদের কাছে শোনা যায়, সেটা স্টাম্প মাইক্রোফোনেই ধরা পড়ুক বা অন্য যেকোনোভাবে। নিজের পারফরম্যান্স বা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশের সময় ব্যবহৃত এমন কথাবার্তাও এই বিধানের আওতায় পড়ে।
অভিষেক শর্মা ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
টিজে/টিকে