© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি ব্যয়ের প্রভাবে বৈশ্বিক খাদ্যমূল্য বাড়ল ২.৪ শতাংশ

শেয়ার করুন:
জ্বালানি ব্যয়ের প্রভাবে বৈশ্বিক খাদ্যমূল্য বাড়ল ২.৪ শতাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় গত মার্চ মাসে বৈশ্বিক খাদ্যমূল্য ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

শুক্রবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, টানা দ্বিতীয় মাসের মতো বিশ্বব্যাপী খাদ্যমূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। শস্য, মাংস, দুগ্ধজাত পণ্য, ভোজ্যতেল এবং চিনি—সব প্রধান খাদ্যপণ্যের দামই এ সময় বেড়েছে।

এফএও’র খাদ্যমূল্য সূচক এক বছর আগের তুলনায় ১ দশমিক ২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেশি। মাসিক হিসাবে শস্যের মূল্যসূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১০ দশমিক ৪ পয়েন্টে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ বেশি।

ভোজ্যতেলের মূল্যসূচক মার্চে ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১৮৩ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা টানা তৃতীয় মাসের মতো ঊর্ধ্বমুখী। এ খাতে বছরে দাম বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটি সয়াবিন তেলের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

মাংসের মূল্যসূচক ফেব্রুয়ারির তুলনায় ১ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় ৮ শতাংশ বেশি। অন্যদিকে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক মাসিক হিসাবে ১ দশমিক ২ শতাংশ বাড়লেও গত বছরের তুলনায় এখনো ১৮ দশমিক ৭ শতাংশ কম রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চিনি উৎপাদনেও প্রভাব পড়ছে। বিশেষ করে ব্রাজিলে আখ থেকে ইথানল উৎপাদন বাড়ার আশঙ্কায় চিনির বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক চিনি বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে।

আইকে/টিএ

মন্তব্য করুন