আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম
ছবি: সংগৃহীত
০৯:০৪ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। অন্য কয়েকদিনের তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম।
শনিবার (৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। বায়ুমানের এ স্কোর ভালো দেখালেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শুক্রবার এই শহরের বায়ুমানের স্কোর ছিল ১২৩। এর আগেরদিন বৃহস্পতিবার স্কোর ছিল ১৬০। এ হিসাবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম রয়েছে।
এদিকে, ১৫৬ স্কোর ভারতের দিল্লির অবস্থান ষষ্ঠ। দেশটির আরেকটি শহর কলকাতার অবস্থান ১৭তম। এই শহরের বায়ুমানের স্কোর ১১০। আর ৪০তম অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের বায়ুমানের ৬৬।
অন্যদিকে, পাকিস্তানের লাহোরের অবস্থান নবম। এই শহরের বায়ুমানের স্কোর ১৪০। লাহোরের পরেই অবস্থান করছে দেশটির আরেকটি শহর করাচি। শহরটির স্কোর ১৩৮। দুটি শহরেরই বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এই শহরের বায়ুমানের স্কোর ২৫৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ১৯৯।
১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কামপালা, ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে কঙ্গোর কিনশাসা, ১৫২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৪৯ স্কোর নিয়ে অষ্টম অবস্তানে চীনের সাংহাই।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০- এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এসকে/টিএ