© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের জয়ে সুলিভান পরিবারে উল্লাস

শেয়ার করুন:
বাংলাদেশের জয়ে সুলিভান পরিবারে উল্লাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফ অনূর্ধ্ব- ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের রাতে শুধু মাঠেই নয়, আবেগের এক অনন্য গল্প তৈরি হয়েছে হাজার মাইল দূরেও। ২ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান যখন বাংলাদেশের জার্সিতে লড়ছিলেন, তখন যুক্তরাষ্ট্রে বসে টেলিভিশনের সামনে তাদের খেলা দেখছিলেন আরও ২ ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভান।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এই ২ ভাইয়ের মধ্যে বড় ভাই কুইন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলের জার্সিতেও কয়েকটি ম্যাচ খেলেছেন। আর কনিষ্ঠ কাভান অপেক্ষায় আছেন জাতীয় দলে অভিষেকের। অন্যদিকে তাদের ২ ভাই রোনান ও ডেক্লান জড়িয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দলের জার্সি। লাল সবুজদের হয়ে মাঠে থাকা দুই ভাইয়ের পারফরম্যান্স যুক্তরাষ্ট্রে বসেই আগ্রহ নিয়ে দেখেছেন পুরো পরিবার।

এই আবেগঘন গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র তাদের ৮৬ বছর বয়সী নানি সুলতানা আলম। তার সূত্র ধরেই সুলিভান পরিবারে বাংলাদেশের সংযোগ। তিনি নিজে মালদ্বীপে উপস্থিত থেকে স্টেডিয়ামে বসেই নাতিদের খেলা উপভোগ করেছেন।



শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই আরেকটি সুযোগ ভারতের।

চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান সুলিভান। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে লাল-সবুজের উল্লাসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বসে টিভির সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন কুইন, কাভান এবং তাদের বাবা-মা। যার একটি ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে এই জয় শুধু একটি ট্রফি নয়; এটি বৈশ্বিক প্রবাসী সংযোগ, পারিবারিক আবেগ এবং নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতীক। সুলিভান ভাইদের গল্প যেন দেখিয়ে দিল, বাংলাদেশের ফুটবল এখন আর ভৌগোলিক সীমানায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

এসকে/টিএ

মন্তব্য করুন