© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলের মধুপুরে মার্কেটের গুদামে আগুন, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:
টাঙ্গাইলের মধুপুরে মার্কেটের গুদামে আগুন, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ‘সাবা স্কয়ার’ নামের একটি পোশাক বিপণি বিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এই অগ্নিকাণ্ডে মার্কেটটির দুটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটার দিকে পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন ওই মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষে ধোঁয়া দেখতে পান পাশের দোকানদাররা। মুহূর্তের মধ্যেই আগুন তৃতীয় তলার দুটি পোশাকের গুদামে ছড়িয়ে পড়ে। এতে বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন পুরো মার্কেটে ছড়াতে পারেনি। তবে তার আগেই গুদামে থাকা বিপুল পরিমাণ পোশাক পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদ ও বৈশাখী মৌসুম সামনে রেখে গুদামে নতুন পোশাক মজুত করা হয়েছিল। আগুনে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এসকে/টিএ

মন্তব্য করুন