© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

শেয়ার করুন:
রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
স্প্যানিশ লা লিগায় আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাটলেটিকো'র হোম গ্রাউন্ড মেট্রোপলিটানো স্টেডিয়ামে।

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে চাইলে অ্যাটলেটিকোর মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরতে হবে কাতালানদের। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী মে পর্যন্ত মাঠের বাইরে থাকছেন তিনি।



রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমণের বড় দায়িত্ব এখন ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের কাঁধে। ইতোমধ্যেই, প্রতিভাবান এই তরুণের ওপরই ভরসা রাখছে ম্যানেজার। সাম্প্রতিক সময়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে দারুণ ফর্মের ইঙ্গিত দিয়েছেন ইয়ামাল।

তবে মৌসুমজুড়ে ধারাবাহিক হতে পারেননি দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ডও এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। যদিও রাফিনিয়ার ইনজুরি তাকে আবার প্রথম একাদশে ফেরার সুযোগ করে দিতে পারে।

অন্যদিকে, লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এই ম্যাচটি মর্যাদার লড়াই। তবে তাদের মূল লক্ষ্য এখন সামনে থাকা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। এর আগে, চলতি মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। লা লিগায় জিতেছিল বার্সেলোনা, তবে কোপা দেল রে'র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে অ্যাটলেটিকোর কাছেই হেরে।

সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ইয়ামালের পারফরম্যান্সই হতে পারে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার বড় ফ্যাক্টর।

আরআই/টিএ

মন্তব্য করুন