অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে কৃষক
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মরণব্যাধি ক্যান্সারকে জয় করে আবার পর্দায় ফিরেছেন সোনালি বেন্দ্রে। সিনেমায় অভিনয় না করলেও ছোটপর্দায় প্রায়ই দেখা মিলছে নব্বই দশকের এই আলোচিত অভিনেত্রীকে। সুস্থ হয়ে ফেরার পর একাধিক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁকে। সব মিলিয়ে সময়টা ভালোই কাটছিল তাঁর। হঠাৎ করেই নতুন ঝামেলায় জড়িয়ে গেছেন এই বলিউড তারকা।
আজকাল, এইসময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বড়সড় আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহল। সম্প্রতি ভারতের পুনেতে চন্দ্রকান্ত শিণ্ডে নামে স্থানীয় এক চাষি তাঁদের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ তুলেছেন।
শুধু তাই নয়, এ নিয়ে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়েছেন শিণ্ডে ও তাঁর পরিবারের সদস্যরা। পুনের ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে একটি মামলাও দায়ের হয়েছে।

অভিযোগকারীর দাবি, ১৯৫৭ সাল থেকে ওই জমির ওপর তাঁদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারকে পুরোপুরি উপেক্ষা করে জমিটি কেনা হয়েছে। এছাড়া ওই জমিতে বেআইনিভাবে কাজ শুরু করা এবং তাদের পরিবারকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ওই কৃষক। বর্তমানে তিনি ওই সম্পত্তির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন।
অন্যদিকে, সোনালি বেন্দ্রে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জমির কোনো নথিপত্রেই তাঁর নাম নেই।
অভিনেত্রীর দাবি, স্রেফ টাকা হাতানোর উদ্দেশ্যেই তাঁর নাম জড়ানো হচ্ছে এবং পরিকল্পনা মাফিক এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সোনালির আইনজীবী জানিয়েছেন, এর আগে ওই চাষি তহশিলদার এবং মহকুমা শাসকের কাছে একাধিকবার আবেদন করেছিলেন। প্রতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এই মামলায় সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। জমিটি আসলে কার এবং কেনাবেচায় কোনো কারচুপি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুই পক্ষের যুক্তি শোনার পরে আদালত কী রায় দেন, এখন সে দিকেই তাকিয়ে সবাই।
কেএন/টিএ