ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭টি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৩:২২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
শুক্রবার (৩ এপ্রিল) পৃথক দুটি ঘটনায় মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৭টি যুদ্ধ বিমান হারালো যুক্তরাষ্ট্র।
গত ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে মার্কিন বাহিনীর তিনটি এফ-১৫ বিমান ভূপাতিত হয়। এ ঘটনায় ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বিমান থেকে বের (ইজেক্ট) হতে সক্ষম হন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন, ওই পাইলটরা ইতিমধ্যেই ইরানের ওপর চালানো বিমান হামলায় পুনরায় অংশ নিয়েছেন।
অন্যদিকে, গত ১২ই মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ জেট ট্যাংকার বিধ্বস্ত হয়ে ৬ জন মার্কিন বিমানকর্মী নিহত হন। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, জ্বালানি সরবরাহকারী এ বিমানটি শত্রু বা নিজেদের গুলিতে ভূপাতিত হয়নি; বরং 'অপারেশন এপিক ফিউরি'-তে অংশ নেওয়ার সময় আকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে সংঘর্ষে জড়িত দ্বিতীয় বিমানটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।
সর্বশেষ গত ২৭শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় টারম্যাকে থাকা মার্কিন বিমান বাহিনীর একটি ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হয়। সিএনএন-এর জিওলোকেশন করা ছবিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটিতে চালানো ওই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাংকার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও, গত মাসে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের গুলিতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয় বলে এ বিষয়ে অবগত দুটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে।
সূত্র: সিএনএন
এমআর/টিকে