কেন কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন ‘রামায়ণ’ ছবির প্রযোজক?
ছবি: সংগৃহীত
০৪:০৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মুক্তির এখনও বেশ কিছুটা সময় বাকি, কিন্তু তার আগেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবেকে নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে শুরু করেছে, আর সেই আগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে সামনে আসছে একের পর এক বিস্ময়কর আর্থিক তথ্য।
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এ মুহূর্তে সবচেয়ে ব্যয়বহুল নির্মাণগুলোর মধ্যে অন্যতম হিসেবে ধরা হচ্ছে এই ছবিকে। জানা গেছে, দুই পর্বে নির্মিত এই প্রকল্পের পেছনে ব্যয় ধরা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। এত বড় বিনিয়োগের কারণেই শুরু থেকেই ছবিটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে নির্মাতা ও পরিবেশকদের মধ্যে ছিল আলাদা আগ্রহ।

সম্প্রতি একটি ডিজিটাল প্রদর্শনমাধ্যম ছবিটির স্বত্ব কেনার জন্য প্রায় সাতশ কোটি টাকার প্রস্তাব দেয়। সাধারণভাবে এমন অঙ্কের প্রস্তাব অনেক প্রযোজকের কাছেই বড় সাফল্য হিসেবে বিবেচিত হতে পারত, কিন্তু প্রযোজক নমিত মালহোত্রা সেই প্রস্তাবে সাড়া দেননি। বরং তিনি আরও বড় পরিসরের হিসাব কষছেন বলে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই পর্ব মিলিয়ে অন্তত এক হাজার কোটি টাকার নিচে স্বত্ব বিক্রিতে রাজি নন তিনি। কারণ, তাঁর বিশ্বাস এই ছবির বাজারমূল্য কেবল ডিজিটাল প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর আরও বড় অঙ্কের আয় সম্ভব।
পরিকল্পনা অনুযায়ী, বাকি প্রায় তিন হাজার কোটি টাকা প্রেক্ষাগৃহ, সম্প্রচার অধিকার, আন্তর্জাতিক পরিবেশনা ও অন্যান্য আয়ের উৎস থেকে সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে। এই হিসাব থেকেই বোঝা যাচ্ছে, ছবিটিকে শুধু একটি বড় বাজেটের নির্মাণ নয়, বরং দীর্ঘমেয়াদি বৈশ্বিক প্রকল্প হিসেবেই দেখছেন প্রযোজক।
নমিত মালহোত্রার ঘনিষ্ঠ মহলে আলোচনা রয়েছে, তিনি নিশ্চিত যে সময় যত এগোবে, ডিজিটাল মাধ্যমগুলোর আগ্রহও তত বাড়বে। ফলে প্রস্তাবিত অর্থের পরিমাণও আরও উঁচুতে উঠতে পারে। সেই কারণেই আপাতত তিনি স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছেন।
আগামী দীপাবলিতে ছবিটির প্রথম পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির আগে থেকেই যে ধরনের অর্থনৈতিক আলোচনায় ছবিটি উঠে এসেছে, তা বলিউডে নতুন এক প্রত্যাশার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, দর্শকের আগ্রহ শেষ পর্যন্ত নমিতের সেই হাজার কোটির স্বপ্নকে কতটা বাস্তব রূপ দেয়।
পিআর/টিকে