© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যায় দেশে ফিরবে সাফজয়ী যুবারা, বিমানবন্দরে দেয়া হবে সংবর্ধনা

শেয়ার করুন:
সন্ধ্যায় দেশে ফিরবে সাফজয়ী যুবারা, বিমানবন্দরে দেয়া হবে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে মালদ্বীপ থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে দল। সব ঠিক থাকলে সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে দল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিমানবন্দরে বরণ করে নেবেন ফুটবলারদের। পরে ছাদখোলা বাসে তাদের আনা হবে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই নিয়ে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ।

শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

এবি/টিএ

মন্তব্য করুন