© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে ভর্তি প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা

শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
হটাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গকে। শুক্রবার দুপুরের দিকে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে জানান, রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যাওয়ায় এই শারীরিক জটিলতা তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সময় গরিমার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গিয়েছিল। পাশাপাশি তাঁর দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগের সমস্যাও রয়েছে। চিকিৎসকদের মতে, শারীরিক দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিনের মানসিক চাপও তাঁর এই অসুস্থতার অন্যতম কারণ।



স্বজনদের ভাষ্য, গত বছরের সেপ্টেম্বরে জুবিন গার্গের আকস্মিক মৃত্যু গরিমার জীবনে গভীর আঘাত তৈরি করে। সেই সময় থেকে তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন। স্বামীর অসমাপ্ত কাজ, ব্যক্তিগত দায়দায়িত্ব এবং নানা প্রশাসনিক বিষয় সামলাতে গিয়ে নিজের বিশ্রামের দিকটি প্রায় উপেক্ষাই করেছেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিন পর্যাপ্ত বিশ্রাম ও নিবিড় পর্যবেক্ষণে রাখার পরই তাঁর পূর্ণ সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জুবিন গর্গের শেষ চলচ্চিত্র মুক্তির সময়ও গরিমাকে নানা দায়িত্বে সক্রিয় দেখা গিয়েছিল। সেই সময়ও তিনি ব্যক্তিগত শোকের মধ্যেই কাজ সামলেছেন বলে ঘনিষ্ঠদের বক্তব্য। এবার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন জুবিনের অসংখ্য অনুরাগী।

আসামের সাংস্কৃতিক অঙ্গনে জুবিন গার্গের স্মৃতি এখনও গভীরভাবে উপস্থিত। সেই কারণেই তাঁর পরিবারের যেকোনো খবরই অনুরাগীদের আবেগের সঙ্গে জড়িয়ে যায়। গরিমার অসুস্থতার খবরেও তাই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের।


পিআর/টিকে



মন্তব্য করুন