‘রামায়ণ’-এ ডাবল চরিত্রে চমকে দেবেন অভিনেতা রণবীর কাপুর
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
নীতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’ ঘিরে আগ্রহ প্রতিদিনই যেন নতুন মাত্রা পাচ্ছে। কয়েক দিন আগে রামের চরিত্রে রণবীর কাপুরের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা শুরু হয়েছিল, এবার তার সঙ্গে যোগ হলো আরও বড় চমক। জানা গেছে, এই ছবিতে শুধু রামের ভূমিকাতেই নয়, বিষ্ণুর আরেক গুরুত্বপূর্ণ অবতার পরশুরামের চরিত্রেও দেখা যাবে তাকে।
লস অ্যাঞ্জেলসে আয়োজিত ছবির ঝলক উন্মোচন অনুষ্ঠানে নিজেই এই তথ্য জানান রণবীর। তার কথায়, এক ছবিতে দুই সম্পূর্ণ ভিন্ন স্বভাবের চরিত্রকে ধারণ করা তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। কারণ একদিকে রামচন্দ্রের ধীর, সংযত ও স্থির ব্যক্তিত্ব, অন্যদিকে পরশুরামের তীব্র, রুদ্র এবং ক্রোধময় উপস্থিতি দুই চরিত্রের ভেতরের শক্তি একেবারেই আলাদা।
এই দ্বৈত চরিত্রের প্রস্তুতি নিতে শুটিং শুরু হওয়ার অনেক আগে থেকেই নিজেকে গড়ে তুলতে শুরু করেন অভিনেতা। চরিত্রের ভেতরের আধ্যাত্মিকতা, আবেগ ও মানসিক গভীরতা বোঝার জন্য দীর্ঘ সময় ধরে তিনি আলাদা প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।
শুধু অভিনয়ের অনুশীলনেই সীমাবদ্ধ থাকেননি রণবীর। রামের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজের দৈনন্দিন জীবনযাপনেও বড় পরিবর্তন আনেন। তিনি সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করেন, ধূমপান ও মদ্যপান থেকেও নিজেকে দূরে রাখেন। শারীরিক গঠন ঠিক রাখতে প্রতিদিন কয়েক ঘণ্টা শরীরচর্চা করেছেন নিয়মিত।

চরিত্রের প্রয়োজনে ধনুর্বিদ্যার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। কারণ রামের অন্যতম পরিচয় তাঁর ধনুকধারণ, আর সেই দিকটি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই আলাদা মনোযোগ দিয়েছেন অভিনেতা।
ছবিটি আগামী দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। বিশাল ব্যয়, বড় তারকাবহুল আয়োজন এবং পৌরাণিক কাহিনিকে নতুনভাবে উপস্থাপনের কারণে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার মধ্যে রণবীরের এই দ্বৈত চরিত্র দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিল।
এখন অপেক্ষা, বড় পর্দায় একই অভিনেতার ভেতর রাম ও পরশুরামের দুই বিপরীত শক্তির প্রকাশ কতটা প্রভাব ফেলতে পারে দর্শকের মনে।
পিআর/টিকে