© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ডুপ্লিকেট খুঁজে পেলেন নীতু কাপুর!

শেয়ার করুন:
নিজের ডুপ্লিকেট খুঁজে পেলেন নীতু কাপুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
আম্বানী পরিবারের আয়োজনে শুক্রবারের সন্ধ্যায় যেন এক ছাদের নিচে হাজির হয়েছিল বলিউডের অসংখ্য পরিচিত মুখ। নীতা মুকেশ আম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন। সালমান খান, কিয়ারা আদভানি ক্রীড়াজগতের তারকাসহ নানা অঙ্গনের পরিচিত মানুষদের ভিড়ের মধ্যেই ঘটে যায় এক মজার ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন নীতু কাপুর।

সবসময়ই হাসিমুখে অনুষ্ঠানে অংশ নেওয়া নীতু সেদিনও ছিলেন স্বাভাবিক ভঙ্গিতেই। বাদামি রঙের পরিপাটি পোশাকে একাই অনুষ্ঠানে পৌঁছান তিনি। আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করতেই চারপাশ থেকে ভেসে আসে একের পর এক ডাক তাঁর সামনে নাকি দাঁড়িয়ে আছেন তাঁরই মতো দেখতে আরেকজন।

প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে চারপাশের ইশারায় নজর ফেরান নীতু। তখনই তাঁর চোখে পড়ে ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা এক নারীকে, যার চুলের ধরন থেকে মুখের গড়নে ছিল বিস্ময়কর মিল। সবুজ রঙের শরীরমাপসই পোশাকে উপস্থিত ওই অতিথিকে ঘিরেও তখন কৌতূহল তৈরি হয়।



দেখামাত্রই নীতু হাসিমুখে তাঁকে কাছে ডাকেন। দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন, আর সেই মুহূর্তই দ্রুত অনুষ্ঠানের আলোচনায় জায়গা করে নেয়। উপস্থিতদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন, কারণ দুজনের চুলের ছাঁট ও সামগ্রিক উপস্থিতিতে সত্যিই ছিল চোখে পড়ার মতো সাদৃশ্য।

অনেক দিন ধরেই সামাজিক মাধ্যমে নীতুর সঙ্গে তাঁর নাতনি সামারা সাহনির চেহারার মিল নিয়ে আলোচনা হয়ে আসছে। এবার সেই তালিকায় যোগ হলো নতুন আরেক মুখ, যিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েই অপ্রত্যাশিতভাবে সবার নজর কাড়লেন।

তারকাদের ভিড়ে এমন ছোট ছোট মুহূর্তই কখনও কখনও বড় আয়োজনের সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে। নীতু কাপুরের এই হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়াও তাই অনুষ্ঠানের স্মরণীয় দৃশ্যগুলোর একটি হয়ে থাকল।

পিআর/টিকে

মন্তব্য করুন