সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর!
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর কাপুর। রামের চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। তবে একই সঙ্গে আরেকটি প্রশ্নও ঘুরছে অনুরাগীদের মনে সীতার চরিত্রে কেমন লাগবে সাই পল্লবীকে। প্রথম ঝলকে তাঁকে দেখা না গেলেও এই চরিত্রকে ঘিরে কৌতূহল কমেনি একটুও।
সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে সেই প্রশ্নই সরাসরি রাখা হয় রণবীরের সামনে। সীতার ভূমিকায় সাই পল্লবীকে কেমন লেগেছে এমন প্রশ্নের উত্তরে অভিনেতার প্রতিক্রিয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

রণবীর বলেন, প্রথমবার সাই পল্লবীকে সীতার সাজে দেখার মুহূর্তটি তাঁর এখনও স্পষ্ট মনে আছে। সেই সময় তিনি পরিচালকের দিকে তাকিয়েছিলেন, আর দুজনেরই মনে হয়েছিল এই চরিত্রের জন্য এর চেয়ে উপযুক্ত শিল্পী হয়তো আর পাওয়া সম্ভব ছিল না। তাঁর কথায়, সাইয়ের উপস্থিতির মধ্যেই ছিল এমন এক স্বাভাবিক সৌন্দর্য ও সংযম, যা সীতার চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে।
রণবীরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ প্রশংসা করেছেন তাঁর স্পষ্ট স্বীকারোক্তির, কেউ আবার মজার ছলে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।
শুধু সাই পল্লবী নন, ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র নিয়েও কথা বলেছেন রণবীর। রাবণের ভূমিকায় যশকে নিয়ে তিনি জানিয়েছেন, এই চরিত্রে এমন একজনের প্রয়োজন ছিল যার উপস্থিতিতেই শক্তির প্রকাশ ঘটে, আর সেই জায়গায় যশকে যথার্থ মনে হয়েছে তাঁর।
হনুমান জয়ন্তীতে প্রকাশিত ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। রামের রূপে রণবীরের উপস্থিতি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি এখন ধীরে ধীরে বাড়ছে সীতার চরিত্রকে ঘিরেও আগ্রহ।
সব মিলিয়ে মুক্তির আগেই ছবির প্রধান চরিত্রগুলিকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা বোঝাচ্ছে এই নির্মাণকে ঘিরে দর্শকের প্রত্যাশা কতটা গভীর। এখন অপেক্ষা বড় পর্দায় রাম ও সীতার নতুন উপস্থাপনাকে দেখার।
পিআর/টিকে