ইরানকে দেয়া ট্রাম্পের আলটিমেটামকে সমর্থন জানাল মার্কিন সিনেটর
ছবি: সংগৃহীত
১২:৪৯ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বা আলটিমেটামকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র এবং ইরানে সামরিক হস্তক্ষেপের কট্টর সমর্থক হিসেবে পরিচিত গ্রাহাম জানান, ট্রাম্পের এই হুমকিতে তার 'সম্পূর্ণ সমর্থন' রয়েছে।
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া একটি পোস্টে গ্রাহাম লিখেছেন, 'আজ সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলার পর, আমি পুরোপুরি নিশ্চিত যে—ইরান যদি হরমুজ প্রণালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অব্যাহত রাখে এবং আমাদের সামরিক লক্ষ্য অর্জনে কূটনৈতিক সমাধান প্রত্যাখ্যান করে, তবে তিনি (ট্রাম্প) এই শাসনের বিরুদ্ধে চরম সামরিক শক্তি প্রয়োগ করবেন।"
তিনি আরও যোগ করেন, "প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা যে তিনি সত্যিই করে দেখান—সেটা যদি ইরান এবং অন্যরা এখন পর্যন্ত বুঝতে না পারে, তবে তারা আর কবে বুঝবে আমি জানি না।"
এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে ইরানকে দেয়া আগের ১০ দিনের সময়সীমার কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মানা না হলে ইরানের ওপর ‘নরক’ নেমে আসবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কয়েক সপ্তাহ ধরে ইরান এই জলপথটি বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি যুদ্ধ পরিস্থিতিকে চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগন সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টার এই সময়সীমা পার হওয়ার পর ইরান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে মার্কিন বাহিনী বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে।
সূত্র- আল জাজিরা
টিজে/টিএ