একদিনে বিসিবির ৩ পরিচালকের পদত্যাগ
ছবি: সংগৃহীত
০১:০২ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন পরিচালক শানিয়ান তানিম এবং মেহরাব আলম চৌধুরী। শনিবার রাত ১০টার পরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। বিসিবির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছিলেন শানিয়ান এবং মেহরাব। এবারের কার্যনির্বাহী কমিটিতে শানিয়ান ছিলেন ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মেহরাব ছিলেন নিরাপত্তা কমিটির প্রধানের দায়িত্বে।
মেহরাব এবং শানিয়ান ছাড়াও শনিবার পদত্যাগ করেছেন আরেক পরিচালক ফায়াজুর রহমান মিতু। তিনি ছিলেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান৷ আজ বিসিবির কার্যনির্বাহী সভায় উপস্থিত থেকে সেখানে পদত্যাগপত্র জমা দেন ফায়াজুর।
এ নিয়ে আজ একই দিনে বিসিবি থেকে পদত্যাগ করলেন ৩ পরিচালক। সব মিলিয়ে মোট সংখ্যাটা দাঁড়াল ৬-এ। আগের ৩ জন হলেন- ইশতিয়াক সাদেক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন। ইয়াসির ফয়সাল সর্বশেষ বিসিবি নির্বাচনে এনএসসি থেকে মনোনীত হয়ে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ইশতিয়াক গেম ডেভলপমেন্ট আর আমজাদ মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

এদিকে বোর্ডে এত এত পদত্যাগের পরেও বিসিবির সভায় সেটি নিয়ে আলোচনা হয়নি বলে আজকের সভা শেষে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু বলেন, ‘এটা নিয়ে নতুন করে আলোচনা হয়নি। যারা পদত্যাগ করেছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। আজ যিনি করেছেন তিনি বোর্ড মিটিংয়েও ছিলেন আমাদের সাথে। আমরা আসলে নিউজের মাধ্যমেই জেনেছি পদত্যাগের কথা। যে ৪ জন রিজাইন করেছেন তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য ও ক্রিকেটের জন্য।’
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও প্রভাবশালী বোর্ড কর্তা ইফতেখার রহমান মিঠু অবশ্য মানছেন, বিষয়টি স্বাভাবিক নয়, ‘স্বাভাবিক কেন বলব। তবে এটা ব্যক্তিগত কারণ। যদি হতো বোর্ডের কোনো ঘটনার প্রেক্ষিতে রিজাইন করেছে। আলোচনা করে রিজাইন করেছে এমনও না। ব্যক্তিগতভাবে যখন জিজ্ঞেস করেছি বলেছে ব্যক্তিগত কারণ।’
এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই চরম বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই বিসিবিকে বয়কট করেছিলেন অনেক ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি দল। একই কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার ওপর আবার বিদ্রোহী কাউন্সিলরদের দেয়া চিঠির ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করছে এনএসসি। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি৷ এবার একের পর এক পরিচালকের পদত্যাগ সেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
টিজে/টিএ