পাঁচ নিয়মে পরিবর্তন আনল ফিফা
ছবি: সংগৃহীত
০৩:৩৩ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে খেলার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতে পাঁচটি নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন–এর প্রতিবেদনে জানানো হয়েছে, সময়ক্ষেপণ কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং রেফারিদের ওপর চাপ কমানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড় বদলের ক্ষেত্রে আর দেরির সুযোগ থাকছে না। পরিবর্তিত খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের বেশি নিলে বদলি খেলোয়াড়কে মাঠে ঢোকার আগে এক মিনিট অপেক্ষা করতে হবে, ফলে ওই সময় দলকে ১০ জন নিয়েই খেলতে হবে।
এছাড়া গোলকিক ও থ্রো-ইন নেওয়ার ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাঁচ সেকেন্ডের মধ্যে খেলা শুরু করতে না পারলে বলের দখল প্রতিপক্ষ পেয়ে যাবে। এতে ম্যাচে অযথা সময় নষ্ট করার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

ইনজুরির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চিকিৎসা নিতে চাইলে তাকে কমপক্ষে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে যদি প্রতিপক্ষের ফাউলের কারণে হলুদ বা লাল কার্ড দেওয়া হয়, সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
রেফারির সঙ্গে আচরণেও কঠোরতা আনছে ফিফা। এখন থেকে শুধুমাত্র অধিনায়কই রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন। অন্য কোনো খেলোয়াড় এ বিষয়ে আপত্তি জানাতে গেলে তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হবে।
সবশেষে, ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে। দ্বিতীয় হলুদ কার্ড বা সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত ছাড়াও কর্নার সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তও এখন ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে।
টিজে/টিএ