© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতিকে ঐক্যবদ্ধ রাখতে শুধু ৯০ মিনিট লাগে: তাবিথ আউয়াল

শেয়ার করুন:
জাতিকে ঐক্যবদ্ধ রাখতে শুধু ৯০ মিনিট লাগে: তাবিথ আউয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
সাফ অনূর্ধ্ব- ২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শুক্রবার রাতে শিরোপা ধরে রাখে বাংলাদেশ। মালদ্বীপ থেকে গতকাল দেশে ফিরলে ছাদখোলা বাসে চড়ে চ্যাম্পিয়নরা আসেন হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে জমকালো সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকতারা। সেখানেই সভাপতি তাবিথ আউয়াল বলেন জাতির সুনাম ফিরিয়ে আনতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে কেবল ৯০ মিনিটই যথেষ্ট।

ফুটবল ৯০ মিনিটের খেলা। অনেক সময় অতিরিক্ত সময় গড়ালেও নির্ধারিত সময় ৯০ মিনিটই। সাফের ফাইনালও ছিল ৯০ মিনিটের। নির্ধারিত সময়ের খেলা শেষে গোলশূন্য থাকে দুই দল। পরে টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। বাংলাদেশ ফাইনাল জেতে ৪-৩ ব্যবধানে। পুরো দেশ মেতে ওঠে শিরোপা জেতার আনন্দে।

চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানোর মঞ্চে বাফুফে সভাপতি বলেন, ‌‌‘এই দলটাকে দেখে আমি একই জিনিস দেখি, আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো ভাষা দেখি না, আমরা কোনো জাত দেখি না, আমরা দেখি বাংলাদেশ। একটাই শব্দ, একটাই ঐক্য। আর বাংলাদেশ দল আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা পৃথিবীকে, একটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, বাংলাদেশের নাম-সুনাম ফিরিয়ে দেওয়ার জন্য শুধু ৯০ মিনিট লাগে। এই ৯০ মিনিটের সময় আমরা সব দুঃখ-কষ্ট, বেদনা, বিভেদ ভুলে গিয়ে একটা দলের পেছনে দাড়াই, চিৎকার করি এবং একটা দলের জন্যই আমরা বুক ফুলিয়ে পৃথিবীর সামনে বলতে পারি- আমরা চ্যাম্পিয়ন।’

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রোনা সুলিভান, ডেকলান সুলিভান, মিঠু চৌধুরীরা। এরপর হাতিরঝিলে আসলে সংবর্ধনা অনুষ্ঠান চলে রাত প্রায় ১১টা পর্যন্ত। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিমানবন্দরেই দলকে স্বাগত জানাতে যান। এরপর হাতিরঝিলের অনুষ্ঠানেও ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।



ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, ‘উনাকে দেখলেই বোঝা যায় লিডারশিপ কাকে বলে। উনার প্রেরণা আমরা পেয়েছি, সেটি সফলতা অর্জনে বড় ভূমিকা পালন করেছে।

আমিনুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। আশা করি আপনি বারবার আমাদের নেতৃত্ব দেবেন।’ এই সময়ে বাফুফে সভাপতি প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তবে শুরুতেই বাফুফে সভাপতি প্রশংসা করেছেন দেশের ফুটবলের সমর্থকদের। কেননা মালদ্বীপে বাংলাদেশ দল প্রচুর সমর্থন পেয়েছে প্রবাসী বাংলাদেশী সমর্থকদের। প্রতিটি ম্যাচেই তারা মাহিনদের জন্য গলা ফাটিয়েছেন। তাদের নিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের ১১ জন প্লেয়ারের সঙ্গে যে ১২ তম প্লেয়ার ছিলেন, সেটা হলো কারা?

আমাদের দর্শকরা। মালদ্বীপ থেকে আমরা মনে হয় না যে ইন্টারনেট বা ফোন লেগেছিল; মানে ওদের চিৎকার মনে হয় মালদ্বীপ থেকে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। আমরা দেখেছিলাম আমাদের দর্শকরা কীভাবে শুধু আমাদের অনূর্ধ্ব- ২০ দলকে নয়, আমাদের জাতীয় দলকে সিঙ্গাপুরে, আমাদের অনূর্ধ্ব-২০ নারী দলকে থাইল্যান্ডে এবং তার আগে আমাদের নারী দলকে অস্ট্রেলিয়ায় প্রতিবার সাহস জুগিয়েছেন। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদের।’

এসকে/টিকে

মন্তব্য করুন