© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার, বিশ্বকাপ স্বপ্ন ঝুঁকিতে

শেয়ার করুন:
১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার, বিশ্বকাপ স্বপ্ন ঝুঁকিতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ব্রাজিল তারকা নেইমারের ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। রেফারিকে উদ্দেশ্য করে করা এক বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে কঠোর শাস্তির আশঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি সান্তোসের হয়ে রেমোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ম্যাচ শেষে সাক্ষাৎকার দেন নেইমার। ওই ম্যাচে রেফারি তাকে আপত্তিকর আচরণের জন্য হলুদ কার্ড দেখান। এরপরই লাইভ সাক্ষাৎকারে রেফারির সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন এই ফরোয়ার্ড।



নেইমারের মন্তব্যে ব্যবহৃত কিছু শব্দ ব্রাজিলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এগুলোকে নারীবিদ্বেষী ও আপত্তিকর বলে আখ্যা দিয়েছেন। ফলে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় নেইমার সর্বোচ্চ ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। এর আগে একই ধরনের মন্তব্যের কারণে এক খেলোয়াড়কে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

এই শাস্তি কার্যকর হলে ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ সময় মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এতে ম্যাচ ফিটনেস হারানোর পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায়ও পিছিয়ে পড়তে পারেন তিনি।

উল্লেখ্য, নেইমার ইতোমধ্যেই পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ রয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি তার জন্য বেশ জটিল হয়ে উঠেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চ সামনে রেখে এমন বিতর্কে জড়িয়ে পড়া নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

আরআই/টিকে

মন্তব্য করুন