শুধু কোদাল কাঁধে নিলে মানুষ খুশি হবে না: শিশির মনির
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
শুধু কোদাল কাঁধে নিলে বাংলাদেশের মানুষ খুশি হবে না বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির।
রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরে একটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
‘জনরায় উপেক্ষা নয়- গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনায় আইনজীবী শিশির মনির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘মাঝে মাঝে কোদাল কাঁধে নিলে হবে না। দেখতে যতই ভালো মনে হোক, রাজনৈতিক প্রশ্নের সমাধান যদি না করতে পারেন, শুধু কোদাল কাঁধে নিয়ে বাংলাদেশের মানুষ খুশি হবে না।’
শিশির মনির বলেন, ‘সরকার ভোট পেয়েছে ৫১ শতাংশ, আর গণভোটে হ্যাঁয়ের পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিছে। এখন আপনারা বলছেন, গণভোট মানেন না। তার মানে আপনারা জনগণের রায় মানেন না।’
তিনি বলেন, ‘আমাদের বিধান, সরকার ভালো কাজ করবে আমরা প্রত্যেকটা কাজকে অভিনন্দন জানাবো। আপনারা খাল খনন করেছেন, আমরা অভিনন্দন জানিয়েছি। আপনারা ভালো কাজ করলে আমরা সম্মান করব, ভালো কাজ না করলে সম্মান জানাবো না।’
জনগণের মতামত ও অধিকারকে সম্মান জানানো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব মন্তব্য করে শিশির বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয় এবং তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা অপরিহার্য। জনগণের রায় দ্রুত মেনে না নিলে আমরাও সেটা কার্যকর করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করবো।’
এমআর/টিকে