ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিসিবি
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
আইপিএলের এবারের আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে কিছু উগ্রহিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
নিরাপত্তা শঙ্কার কারণেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। টাইগাররা চেয়েছিল পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে। কিন্তু তাতে রাজি হয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি। মোস্তাফিজ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। যা এখনও চলছে। মোস্তাফিজ ইস্যুতেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রয়েছে।
তবে প্রতিবেশীয় দেশ এবং ক্রিকেটের পরাশক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। মূলত দুই দেশের নির্ধারিত সিরিজগুলো নিয়ে নতুন করে আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই যোগাযোগ করা হয়েছে।
শনিবারের বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইকে চিঠি পাঠানোর ব্যাপারে ব্যাখা দেন বিসিবি ক্রিকেট অপরাসেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

এব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, ‘আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারব বলে আশা রাখছি।’
তিনি স্বীকার করেন, বিশ্বকাপকে ঘিরে দুই বোর্ডের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, ‘আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে তো অবশ্যই। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করব এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।'
সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ সেপ্টেম্বর।
এছাড়া গত বছরের ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেই সিরিজটি স্থগিত হয়ে যায়। বিসিবি আশা করছে, নতুন করে আলোচনার মাধ্যমে সিরিজটি পুনরায় আয়োজন করা সম্ভব।
এমআই/টিকে