জয়নুল আবদীন ফারুক / কারা রাজাকার ছিল, সেই বিষয়গুলো উল্লেখ করে কারও মনে কষ্ট দিতে চাই না
ছবি: সংগৃহীত
১০:০৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে কারা শান্তি বাহিনী ছিল, কারা রাজাকার ছিল, কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই বিষয়গুলো উল্লেখ করে আমি কারও মনে কষ্ট দিতে চাই না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, জুলাই-আগস্ট আমাদের মাথার মণি। যারা আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের পাশাপাশি আমাদেরও আত্মত্যাগ আছে। তাই আমাদের বিভ্রান্ত করবেন না।
রোববার (৫ এপ্রিল) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আমাদের সংসদ নেতা (প্রধানমন্ত্রী তারেক রহমান) শপথের আগে বলেছিলেন, ইনশাআল্লাহ এই সংসদে মেজরিটি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই আমি মনে করি, এই জাতীয় সংসদে যারা আজ জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান... তাদের অনুরোধ জানাব, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়া একটি দল। যে দলের নেতাকে সিপাহি-জনতা ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে এসেছিলেন।’
ফারুক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই দল এবং বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকার কারণে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। তিনি জেলে গিয়েছেন। সেই দলের নেতা ১৬ বছর বিদেশে থেকেও সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে সাহস জুগিয়েছেন। সেই জুলাই-আগস্টের যোদ্ধারাও আজ সংসদে এসেছেন, তারাও আমার এই কথা শুনছেন।’
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই না নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য একরকম বক্তব্য দিয়ে এখন অন্য কথা বলতে। অনেক কথা আছে, যা বলে এখন কাউকে কষ্ট দিতে চাই না। শুধু এটাই বলতে চাই, আমরা দেখেছি এই সংসদে বিনা ভোটে যারা এমপি হয়েছে। জাতীয় সংসদ থেকে গিয়ে সুপ্রিম কোর্ট রক্ষার নামে ময়দানে ময়লা ফেলতেও দেখেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে গড়া এই দল শহীদ জিয়ার। একাত্তরের স্বাধীনতা, ৫২-এর ভাষা আন্দোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা, সবকিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই সংসদে ছয়বার আসার সুযোগ হয়েছে। তখনও দেখেছি এই দেশে বিএনপিকে ভাঙতে একে আদর্শহীন দল বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, পাকিস্তানের সহচর বলা হয়েছে।’
তিনি বলেন, ‘বিজয় দিবসের আগে কারা শান্তি বাহিনী ছিল, কারা রাজাকার ছিল, কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সেই পুরোনো কাসুন্দি ঘেঁটে আমি কাউকে কষ্ট দিতে চাই না। জুলাই-আগস্টের চেতনা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের। যারা এই লড়াইয়ে ছিল, তাদের পাশাপাশি আমাদের সংগ্রামকেও খাটো করে দেখার সুযোগ নেই। তাই আমাদের বিভ্রান্ত করবেন না।’
এসএন