৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে রিয়ালে ফিরছেন আর্জেন্টাইন তরুণ
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছেন নিকো পাজ। আর্জেন্টাইন এই তরুণ ২০২৪ সালে চার বছরের চুক্তিতে যোগ দেন কোমোতে। ইতালির ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন নিকো। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে ৬৮ ম্যাচ খেলে করেছেন ১৭ গোল।
আর্জেন্টাইন তরুণ প্লে-মেকারের এমন পারফরম্যান্সের বিষয়টি নখদর্পনে রিয়াল মাদ্রিদের। ফলে নিকোকে ফের সান্তিয়ানো বার্নাব্যুতে ভেড়াতে মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজ প্রশাসন। গ্রীষ্মের দলবদলে তার জন্য কোমোর দরজার কড়া নাড়ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
নিকোকে সিরি’আ লিগের ক্লাবে বিক্রির সময় বাইব্যাক ক্লজ রেখেছিল রিয়াল মাদ্রিদ। ৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের বাইব্যাক ক্লজ ধরা হয়েছিল প্রায় ৯ মিলিয়ন ইউরো। যা এখন কাজে লাগাতে যাচ্ছে ক্লাবটি।
রিয়ালের চাওয়া দ্রুতই পাজকে দলে ভেড়ানো। তবে কোমোর চায়—নিকো অন্তত আরও এক মৌসুম তাদের সঙ্গেই থাকুক। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লবের্ত লুদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। তবে স্পেন ভিত্তিক স্পোর্টস বিষয়ক ওয়েব পোর্টাল এএস এর প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ তাদের সিদ্ধান্তে অটল।

আগামী মৌসুমে তাদের পরিকল্পনায় আছেন নিকো। খেলোয়াড় নিজে মত বদল না করলে এই ট্রান্সফার আটকে যাওয়ার সম্ভাবনা নেই। সেটিও আপাতত প্রত্যাশিত নয়। এমনকী থিয়াগো পিটার্চ কিংবা আর্দা গুলেরের উন্নতি—কোনোটাই নিকোকে পরিকল্পনার বাইরে ঠেলে দেয়নি।
চুয়ামেনি, গুলের, পিটার্স ও ভালভের্দের মতো মিডফিল্ডার রিয়ালে থাকায় গেইম টাইম নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হতে পারে নিকোর। যে কারণে, এই আলোচনা বড় প্রতিবন্ধকতা হতে পারেন পাজ নিজেই। আর্জেন্টিনার ২১ বছর বয়সী তরুণ যদি চান, রিয়ালের তিনি ভবিষ্যত গড়বেন না, সেক্ষেত্রে বলার আর কিছুই থাকবে না।
নিকো অবশ্য নিজেও অপেক্ষায় আছেন রিয়ালের ফেরার। কোমোর চেষ্টার পরও বাস্তবতা পরিষ্কার। গত গ্রীষ্মে তিনি টটেনহাম হটস্পারের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, শুধুই মাদ্রিদে ফেরার আশায়। তাই বড় কোনো পরিবর্তন না হলে, এই গ্রীষ্মেই ৯ মিলিয়ন ইউরোর বাইব্যাক ক্লজ সক্রিয় করে নিকো পাজকে আবার দলে ফিরিয়ে আনবে রিয়াল মাদ্রিদ।
টিজে/টিএ