৪৩ বছর বয়সেও অদম্য অ্যান্ডারসন
ছবি: সংগৃহীত
০২:০৮ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
বয়স যে কেবল একটি সংখ্যা—এই কথার বাস্তব প্রমাণ যেন আবারও দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সেও বল হাতে তার ধার যে একটুও কমেনি, তা স্পষ্ট হলো নতুন মৌসুমের শুরুতেই।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন ল্যাঙ্কাশায়ার অধিনায়ক অ্যান্ডারসন। তিনি ৬৪ রানে তুলে নেন ৫টি মূল্যবান উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ক্যারিয়ারের ৫৬তম পাঁচ উইকেট নেয়ার কীর্তি।
এই ম্যাচের মাধ্যমে ৩০৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪৮—যা তাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে ইতিহাসের সেরাদের তালিকায়।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান অ্যান্ডারসন। ১৮৮টি টেস্টে ৭০৪ উইকেট শিকার করে তিনি বিদায় নেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার হিসেবে। অবসরের পরও ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত রয়েছেন পেস বোলিং পরামর্শক হিসেবে।
তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মাঠ থেকে দূরে সরে যাননি তিনি। গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৬ ম্যাচে নেন ১৭ উইকেট। দীর্ঘ প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরে ২০ উইকেট শিকার করে আবারও নিজের কার্যকারিতা প্রমাণ করেন এই অভিজ্ঞ পেসার।
নর্থ্যাম্পটনের এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। জবাবে অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ে দিন শেষে ৯ উইকেটে ২১৫ রান তুলতে সক্ষম হয় নর্থ্যাম্পটনশায়ার।
টিজে/টিএ