নতুন ফ্ল্যাট কিনে আলোচনায় শ্রেয়া ঘোষাল!
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
সংগীতজগতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রাখা শ্রেয়া ঘোষাল এবার আলোচনায় এলেন নতুন বাসস্থান নিয়ে। মুম্বাইয়ে নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। পরিবারকে সঙ্গে নিয়েই এই নতুন সম্পত্তির মালিক হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
জানা গেছে, মুম্বাইয়ের অভিজাত ওরলি এলাকায় নতুন ফ্ল্যাটটি কিনেছেন শ্রেয়া। তাঁর সঙ্গে এই সম্পত্তির ক্রয়ে অংশ নিয়েছেন মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালও। নতুন ফ্ল্যাটটির মূল্য ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। প্রায় ২ হাজার ৭৫০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটের ব্যবহারযোগ্য অংশ ২ হাজার ৪৩০ বর্গফুট। পাশাপাশি রয়েছে তিনটি গাড়ি রাখার আলাদা জায়গা।
নতুন এই সম্পত্তি কিনতে নিবন্ধন ও শুল্ক বাবদও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে শ্রেয়াকে। জানা গেছে, নিবন্ধন সম্পন্ন করতে প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা শুল্ক এবং ৩০ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করা হয়েছে। চলতি মাসের প্রথম দিনেই ফ্ল্যাট কেনাবেচার পুরো প্রক্রিয়া শেষ করেন তিনি।

যে আবাসনে শ্রেয়া এই ফ্ল্যাট কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লাখ টাকা। এর আগেও মুম্বাইয়ে তাঁর একটি বাড়ি রয়েছে। পাশাপাশি রয়েছে নিজস্ব রেকর্ডিং কক্ষ। সংগীতজীবনের পাশাপাশি সম্পত্তিতেও যে তিনি ধীরে ধীরে বড় পরিসরে বিনিয়োগ করছেন, নতুন এই ক্রয় তারই ইঙ্গিত দিচ্ছে।
শুধু শ্রেয়াই নন, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও আর্থিকভাবে বেশ শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা যায়। দুজনের যৌথ মালিকানায় রয়েছে একাধিক দামি গাড়িও।
বছরের শুরুতে গানের ধরন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন শ্রেয়া। জানিয়েছিলেন, আগের মতো সব ধরনের গান আর গাইবেন না। বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের গানের ক্ষেত্রে তিনি এখন আরও সতর্ক থাকতে চান। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন বাসস্থান নিয়ে তাঁর এই সিদ্ধান্ত আবারও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
পিআর/টিকে