© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়ি থেকে তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার!

শেয়ার করুন:
বাড়ি থেকে তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের আকস্মিক মৃত্যু তামিল বিনোদনজগতে গভীর শোকের ছায়া ফেলেছে। চেন্নাইয়ের নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সহশিল্পী ও অনুরাগীদের মধ্যে নেমে আসে বিস্ময়। মাত্র ছত্রিশ বছর বয়সে এমন পরিণতি কেউই কল্পনা করেননি।

পুলিশ জানিয়েছে, সোমবার চেন্নাইয়ের বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্বামীর সঙ্গে চলমান কথোপকথনের একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



শ্রীলঙ্কা থেকে অভিনয়ের স্বপ্ন নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন সুভাষিণী। শুরুটা সহজ ছিল না। অডিশন, ছোট ছোট চরিত্র আর দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়েই তাঁকে নিজের অবস্থান গড়ে তুলতে হয়েছে। কঠিন প্রতিযোগিতার মাঝেও ধীরে ধীরে তিনি নজরে আসেন নির্মাতাদের।

পরে জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান। এই ধারাবাহিকই তাঁকে দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখে পরিণত করে। দীর্ঘ সংগ্রামের পর পাওয়া সেই পরিচিতির মাঝেই হঠাৎ থেমে গেল তাঁর পথচলা।

অভিনয়জগতে তাঁর সহকর্মীরা বলছেন, পর্দার বাইরে তিনি ছিলেন শান্ত স্বভাবের মানুষ। তাই এমন আকস্মিক বিদায়ে আরও বেশি বিস্মিত সবাই। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে তামিল বিনোদন অঙ্গন।

পিআর/এসএন


মন্তব্য করুন