বর্তমান সরকার পুতুল সরকার, তারেক রহমান পুতুল প্রধানমন্ত্রী : মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বকে নিয়ে সমালোচনা করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। তিনি বর্তমান সরকারকে পুতুল সরকার এবং তারেক রহমানকে পুতুল প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদা আলম মিতু বলেন, বিএনপি খালেদা জিয়ার আদর্শ মানে না। খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার এলে সংবিধান ছুড়ে ফেলা হবে। কিন্তু এখন সরকারে বসে তারা সংবিধান নিয়ে দরদ দেখাচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু তিনি আসলে একটি পুতুল। ওনাকে কে চালাচ্ছে তা স্পষ্ট নয়।
সদ্যসমাপ্ত জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে, ৩০ হাজার আহত হয়েছে। সেই রক্তের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে এখন দেশের মানুষের সঙ্গে বেঈমানি করা হচ্ছে। এই বেঈমানি বিএনপির পুরনো ইতিহাস।
নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গেও তারা বেঈমানি করেছিল, হাওয়া ভবন থেকেও বেঈমানি করা হয়েছে।
বগুড়ার ভোটের চিত্র তুলে ধরে এনসিপি নেত্রী অভিযোগ করেন, বিগত নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং ও ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি জয়ী হয়েছে। বগুড়াবাসী জানেন কিভাবে এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করা হয়েছিল। আমরা এতদিন চুপ ছিলাম দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী হয়ে ঘরে বসে থাকলে চলবে না, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
নারীদের রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মিতু বলেন, বগুড়ার নারীরা অনেক সচেতন। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
কেএন/এসএন