গাজীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ছবি: সংগৃহীত
০৪:২৬ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
গাজীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহাগ মিয়া (২৭)। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেলযোগে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘাতক ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
এসএস/টিএ