বেরোবির নামে একাধিক ফেসবুক পেজ, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
ছবি: সংগৃহীত
০৬:০৬ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম, লোগো ও পরিচিতি ব্যবহার করে চালানো ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে অনুমোদন না করলে মামলা হবে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো, পরিচিতি ও সুনামকে অবৈধভাবে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্ম থেকে বেনামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সুস্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইন, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় দণ্ডনীয় এবং গুরুতর অপরাধ হিসেবে গন্য হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম, লোগো বা সংশ্লিষ্ট পরিচয় ব্যবহার করে পরিচালিত সব ফেসবুক পেজ, গ্রুপ, অ্যাকাউন্টের অ্যাডমিনদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট পেজ, গ্রুপ অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ অ্যাডমিন প্যানেলের তথা (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে লিখিতভাবে জমা দিয়ে যথাযথ অনুমোদন গ্রহণ করতে হবে।
অন্যথায়, নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পেজ, অ্যাকাউন্টসমূহ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই/টিএ