চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স
ছবি: সংগৃহীত
০৯:৫২ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। ঈদুল ফিতরে নারায়নগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি। অবশেষে শাখাটি উদ্বোধনের নতুন তারিখ জানাল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ৭ এপ্রিল এটি চালু হতে যাচ্ছে। তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকেলের দু’টি শো চলবে। শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে।

তিনি বলেন, ‘নারায়নগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক অপেক্ষা করেছিলেন। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নারায়নগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দু’টি শো দিয়ে শুরু করছি। কয়েকদিনের মধ্যে সবগুলো শো পুরোদমে চালু হয়ে যাবে।’
নারায়নগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপিত হয়েছে এই মাল্টিপ্লেক্স। ৩টি হল রয়েছে এখানে। এর মধ্যে দু’টি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে থাকছে ৭৫ টি আসন।
নতুন নতুন শাখা চালু সম্পর্কে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দর্শকের নিরাপত্তা, উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। এই বছরের মধ্যে আমাদের আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর ১ নম্বর, চট্টগ্রামের বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে।
পিআর/টিকে