স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং
ছবি: সংগৃহীত
১১:০৫ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে পরিচালক আদিত্য ধর-এর ছবি ‘ধুরন্ধর’। ছবিটি একাই ১৪টি পুরস্কার জিতেছে, যেখানে সেরা পরিচালক, সেরা অ্যাকশন, সেরা সংলাপ, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা এডিটিং, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরসহ একাধিক বিভাগে বিজয়ী হয়েছে।
সেরা অভিনেতার খেতাব জিতেছেন রণবীর সিং। ছবিতে রহমান ডাকাতের চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় খান্না সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নীরাজ ঘাইওয়ানের ‘হোম বাউন্ড’। এছাড়া সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম, সেরা পার্শ্ব অভিনেত্রী শালিনী ভাট (হোম বাউন্ড)।
সঙ্গীত বিভাগেও প্রতিভার ঝলক ছিল। সেরা গান নির্বাচিত হয়েছে ‘সাইয়ারা’-র টাইটেল ট্র্যাক, সেরা গীতিকার গুলজার এবং সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা) হয়েছেন শ্রেয়া ঘোষাল। নতুন প্রতিভা বিভাগে সেরা ডেবিউ পরিচালক হয়েছেন শাজিয়া ইকবাল (ধড়ক ২), সেরা ডেবিউ অভিনেতা আহান পাণ্ডে (সাইয়ারা) ও সেরা ডেবিউ অভিনেত্রী অনীতা পাড্ডা (সাইয়ারা)।
ওটিটি বিভাগেও ছিল চমক। সেরা ওটিটি ছবি হয়েছে ‘স্টোলেন’, সেরা অভিনেতা অভিষেক ব্যানার্জি ও সেরা অভিনেত্রী সানিয়া মালহোত্রা। সেরা ওটিটি পরিচালক নির্বাচিত হয়েছেন করণ তেজপাল (স্টোলেন)।
‘ধুরন্ধর’ শুধু বক্স অফিসে রেকর্ড গড়েনি, স্ক্রিন অ্যাওয়ার্ডসে বিজয়ী হয়ে দর্শক ও সমালোচকদের নজরেও একাধারে জায়গা করে নিয়েছে।
পিআর/টিকে