© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা শ্রীদেবীর স্মৃতিতে আবেগঘন জাহ্নবী কাপুর!

শেয়ার করুন:
মা শ্রীদেবীর স্মৃতিতে আবেগঘন জাহ্নবী কাপুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত খুব কম সময়েই প্রকাশ্যে আনেন জাহ্নবী কাপুর। তবে এবার এক আলোচনায় তিনি ফিরে গেলেন সেই সময়ের দিকে, যখন তাঁর মা শ্রীদেবীকে ঘিরে নানা সামাজিক মন্তব্য, সমালোচনা এবং ব্যক্তিগত আঘাতের মুখোমুখি হতে হয়েছিল। জাহ্নবীর কথায়, বাইরে থেকে যাঁকে সবাই শক্তিশালী তারকা হিসেবে দেখেছেন, ভেতরে ভেতরে সেই মানুষটিকেই বহু তিক্ত অভিজ্ঞতা বহন করতে হয়েছে।

একটি আলাপচারিতায় জাহ্নবী বলেন, মানুষের বিচার অনেক সময় অত্যন্ত নির্মম হয়ে ওঠে। শ্রীদেবী জীবিত থাকাকালীন বহু মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে এমন কিছু শব্দ বারবার তাঁর সামনে এসেছে, যা একজন মানুষ হিসেবে তাঁকে আঘাত করেছিল। জাহ্নবীর ভাষ্যে, অনেকেই তাঁর মাকে ‘ঘরভাঙানী’ বলে ডাকতেন, আর সেই কথাগুলো শ্রীদেবীর মনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলেছিল।



তিনি জানান, মানুষ সাধারণত মৃত্যুর পর কাউকে নতুন চোখে দেখতে শুরু করে, কিন্তু জীবদ্দশায় একজন মানুষ কতটা মানসিক চাপের মধ্যে থাকেন, তা অনেক সময় সামনে আসে না। মায়ের জীবন দেখে তিনি খুব কাছ থেকে বুঝেছেন, জনপ্রিয়তার আড়ালেও কতটা নিঃশব্দ কষ্ট লুকিয়ে থাকতে পারে।

২০১৮ সালে নিজের প্রথম ছবি মুক্তির আগেই মাকে হারানোর অভিজ্ঞতাও তুলে ধরেন জাহ্নবী। তাঁর কথায়, সেই সময়টিই তাঁকে হঠাৎ করে বদলে দেয়। মায়ের ওপর নির্ভরশীল জীবন থেকে একাই সিদ্ধান্ত নেওয়ার বাস্তবতায় প্রবেশ করতে হয়। সেই পরিবর্তনের সময় কিছু ভুল মানুষকেও জীবনে জায়গা দিয়েছিলেন, যা তাঁর মানসিক অবস্থাকে আরও কঠিন করে তোলে।

জাহ্নবী মনে করেন, শ্রীদেবীর চলে যাওয়া শুধু মায়ের অনুপস্থিতি নয়, পরিবারের ভেতরের এক ভারসাম্যও ভেঙে দেয়। তিনি বলেন, মায়ের রসবোধ, সংসারকে ধরে রাখার ক্ষমতা এবং পরিবারের জন্য তাঁর নীরব যত্ন আজও গভীরভাবে অনুভব করেন।

অতীতের দিকে তাকিয়ে তাঁর অনুশোচনাও রয়েছে। ছোটবেলায় মায়ের সংগ্রামকে পুরোপুরি বুঝতে না পারার কথা স্বীকার করেছেন তিনি। তাঁর মতে, শ্রীদেবী নিজের জীবনের কঠিন অধ্যায়গুলো আড়াল করে সন্তানদের সামনে কেবল আলোর দিকটুকুই তুলে ধরতেন।

শ্রীদেবীকে ঘিরে বহু বছর আগে যে পারিবারিক বিতর্ক তৈরি হয়েছিল, তার ছায়া আজও আলোচনায় আসে। বনি কাপুর-এর পূর্ববর্তী সংসার, তারপর নতুন সম্পর্ক সব মিলিয়ে যে সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তার অভিঘাত শ্রীদেবী নীরবে বহন করেছিলেন বলেই মনে করেন জাহ্নবী।

পিআর/টিকে

মন্তব্য করুন