ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০৭:৩৩ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা 'মেহর নিউজ' এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরানের অর্থনীতিতে এই দ্বীপটির গুরুত্ব অপরিসীম, কারণ দেশটির মোট জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।
মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। তবে এই বিস্ফোরণগুলোর প্রকৃত কারণ কী এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইরান সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। সম্প্রতি গত ৩০ মার্চ এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং বিশেষ করে খারগ দ্বীপ ধ্বংস করে দিতে পারে। এর আগেও তিনি একাধিকবার এই দ্বীপটিতে বোমা বর্ষণ বা এটি দখলের হুমকি দিয়েছিলেন।
রহস্যজনক এই বিস্ফোরণের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, খার্গ দ্বীপে তেল অবকাঠামোর কোনো বড় ধরনের ক্ষতি হলে তা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের রপ্তানি আয়ের মূল উৎস হওয়ার কারণে এই দ্বীপটি বরাবরই তেহরানের জন্য একটি রেড লাইন বা স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত।
বিস্ফোরণের কারণ দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হামলা-তা নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।
সূত্র: সিএনএন
আইকে/টিএ