সৌদিতে ইরানি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে সৌদি আরবের জ্বালানিসহ বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মঙ্গলবার সকালেও ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানাল সৌদি কর্তৃপক্ষ। তবে দেশটিতে এসব হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। খবর।
মঙ্গলবার দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ইরান যে হামলা চালিয়েছে, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এসব হামলায় হতাহতদের জন্য শোক প্রকাশ করছে পাকিস্তান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছে দেশটি।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। তবে এই কঠিন সময়ে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে রয়েছে পাকিস্তান।
শেষে সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চলের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, রাতভর হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলের একটি শিল্পাঞ্চলে অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালানো হয়েছে। এতে ওই কারখানাতে আগুন ধরে যেতে দেখা গেছে।
প্রসঙ্গত, সৌদি আরবের পূর্বাঞ্চলের জুবাইল শহরটি বিশ্বের অন্যতম বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। এখানে ইস্পাত, পেট্রল, পেট্রোকেমিক্যাল, লুব্রিকেটিং তেল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়।
কেএন/এসএন