কলেজ গেটেই শুরু হয়েছিল অপু-শাকিবের গল্প
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস আবারও আলোচনায়, তবে এবার পর্দার নয়, স্মৃতির গল্পে। বর্তমানে নিজ জন্মস্থান বগুড়ায় অবস্থান করছেন অপু বিশ্বাস, যেখানে ফিরে পেয়েছেন জীবনের শুরুর অনেক আবেগঘন মুহূর্ত।

বগুড়া মহিলা কলেজে পড়াশোনা করা এই অভিনেত্রীর কাছে জায়গাটি শুধুই শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কলেজ গেটের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের বিশেষ কিছু মুহূর্ত।
অপু বলেন, নায়িকা হওয়ার পর একসময় একজন নিয়মিত এসে দাঁড়িয়ে থাকতেন কলেজের সামনে। প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করেন, সেই মানুষটি ছিলেন শাকিব খান। কলেজের বিপরীতে একটি ডিপার্টমেন্টাল স্টোরের কর্নারে দুদিন দাঁড়িয়ে থাকার ঘটনাও এখনো তার মনে গেঁথে আছে। সেই জায়গাটি এখন দেখলেও ভিন্ন এক অনুভূতি কাজ করে বলে জানান তিনি।

এই কলেজের সামনে এলেই পুরোনো দিনগুলো ফিরে আসে কি না—এমন প্রশ্নে অপু বলেন, অবশ্যই আসে। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর সময়ের অনুভূতিগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে।
শুধু প্রেমের স্মৃতিই নয়, কলেজ জীবনের নির্ভার সময়গুলোকেও মনে করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বন্ধুদের সঙ্গে বাসে ঘোরা, ফাঁকি দিয়ে বেড়িয়ে পড়া—এসবই ছিল তাদের প্রতিদিনের আনন্দের অংশ। এমনকি ক্লাস ফাঁকি দিয়ে মহাস্থানগড় ঘুরতে যাওয়ার কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
সব মিলিয়ে, বগুড়ায় ফিরে অপু বিশ্বাস যেন আবার ছুঁয়ে দেখছেন তার জীবনের এক রঙিন অধ্যায়—যেখানে ছিল বন্ধুত্ব, স্বাধীনতা আর এক সময়ের আলোচিত ভালোবাসার গল্প।
এসএন