কলকাতায় বিজেপির নির্বাচনি প্রচারণায় কঙ্গনা
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে রোববার (৫ এপ্রিল) ৪০ জন হেভিওয়েট ‘স্টার ক্যাম্পেইনার’-এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডার পাশাপাশি নাম রয়েছে সংসদ সদস্য দুই বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাওয়াতের।
বলিউডের পাশাপাশি টালিউডের একঝাঁক পরিচিত মুখও এই তালিকায় স্থান করে নিয়েছেন।
তবে দলটির এই প্রচার তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় পৌঁছে গেছেন তিনি।

জানা গেছে, সাবেকি সাজে কালীঘাট মন্দিরে পূজা দেওয়ার মাধ্যমেই তিনি তার নির্বাচনি প্রচারণা শুরু করবেন। কঙ্গনা ও হেমা মালিনী ছাড়াও তালিকায় আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অভিনেতা মনোজ তিওয়ারি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
অবশ্য তারকাদের ভিড় থাকলেও প্রচারণার মূল কাণ্ডারি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকার শীর্ষে থাকা এই দুই নেতা এরই মধ্যে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করে জনসভা করেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই তোড়জোড় থেকেই বোঝা যাচ্ছে, দিল্লির হাইকমান্ডের কাছে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ।
তবে তৃণমূল কংগ্রেসের মতো শক্তিশালী রাজনৈতিক দলের মোকাবিলা করে গেরুয়া শিবির এবারও পেরে উঠতে পারবে কিনা সেটাই এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসএন