© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোনো মুহূর্তে বড় হামলার আশঙ্কায় ইসরাইল

শেয়ার করুন:
যেকোনো মুহূর্তে বড় হামলার আশঙ্কায় ইসরাইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) আশঙ্কা করছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের বড় বড় শহরগুলোতে ইরান বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে। খবর আলজাজিরার।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনভর ইসরাইলের মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে একের পর এক মিসাইল ও রকেট হামলা চালানো হয়েছে। এই জনবহুল অঞ্চলেই ইসরাইলের প্রায় অর্ধেক মানুষের বসবাস। ফলে হামলার তীব্রতা বাড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুধুমাত্র মধ্যাঞ্চলই নয়, দক্ষিণ ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর বিরশেবা এবং ডিমোনা এলাকা লক্ষ্য করেও অন্তত দুটি বড় ধরনের মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এর ফলে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে।

ইসরাইলি গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের মতে, আজ রাতের সময়টুকু এই সংকটের জন্য সবচেয়ে ‘ক্রিটিক্যাল’ বা ঝুঁকিপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসায় দুই পক্ষই এখন মারমুখী অবস্থানে রয়েছে।

ইতিমধ্যে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই রণংদেহী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

এসকে/টিএ

মন্তব্য করুন