দায়িত্ব ছাড়ার পাঁচ দিনের মাথায় না ফেরার দেশে কিংবদন্তি কোচ
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের দায়িত্ব ছাড়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পুরো ফুটবল বিশ্বে।
গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থতা অনুভব করলে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান লুসেস্কু। পরদিন শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, দেশটি শুধু একজন সফল কোচকেই হারায়নি, বরং হারিয়েছে একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককে।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে নিজের অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন লুসেস্কু। ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভ এমন সব ক্লাবে তার অধীনে দলগুলো বড় সাফল্য পেয়েছে। গালাতাসারাইয়ের হয়ে উয়েফা সুপার কাপ জয় এবং শাখতার দোনেৎস্কের হয়ে উয়েফা কাপ জেতা তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত।

খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন সমানভাবে কৃতী। ১৯৭০ বিশ্বকাপে রোমানিয়াকে নেতৃত্ব দেন লুসেস্কু। পরে কোচ হিসেবে ১৯৮৪ সালে প্রথমবারের মতো দেশটিকে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে তুলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নেন এই অভিজ্ঞ কোচ। গত ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ডাগআউট উপস্থিতি।
তার মৃত্যুতে ইউরোপের বড় বড় ক্লাব এবং ফুটবল ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন। সাবেক ক্লাবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে এই কিংবদন্তিকে।
রোমানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাভান বার্লানু এক প্রতিক্রিয়ায় বলেন, আজকের দিনটি রোমানিয়া এবং বিশ্ব ফুটবলের জন্য এক কালো দিন; কারণ লুসেস্কু শুধু একজন কোচ ছিলেন না, বরং তিনি প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড় গড়ে তোলার কারিগর ছিলেন।
এমআই/এসএন