যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এতে সম্মত হয় ইসরায়েলও। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, দুই সপ্তাহের এ যুদ্ধবিরতিতে লেবানকে যুক্ত করা হয়নি।
যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররা এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রেই মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, “লেবাননে অভিযান অব্যাহত রয়েছে এবং এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়। আপনাদের নিরাপত্তার স্বার্থে, আমরা আবারও জোরালোভাবে অনুরোধ করছি যে— আপনারা অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে দিয়ে জহরানি নদীর উত্তর দিকে চলে যান।”
এর পাশাপাশি দেশটির রাজধানী বৈরুতের দাহিয়েহ থেকেও সাধারণ মানুষকে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দাহিয়েহ উপশহরটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। দাহিয়াহতে হামলা চালানো হবে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “ইসরায়েলি সেনারা পুরো দাহিয়াহ এলাকাজুড়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোতে তাদের অভিযান ও হামলা অব্যাহত রেখেছে। আমাদের সেনারা আপনাদের কোনো ক্ষতি করতে চায় না, তাই আপনাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এবি/টিএ